ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, ইশতেহারের কাজ ইতোমধ্যে অনেকটাই গুছিয়ে ফেলা হয়েছে। দলের সাংগঠনিক কাঠামো কাজে লাগিয়ে দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সঙ্গে মতবিনিময় হয়েছে। পাশাপাশি ইশতেহার সংক্রান্ত কর্মসূচি ছাড়াও দলের ৩১ দফা ও ২৭ দফা নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এসব কার্যক্রমের আলোকেই ইশতেহার প্রায় প্রস্তুত আছে। তার ভাষ্য, একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার এটি ঘোষণা করা হতে পারে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি বলেন, এসব অসত্য তথ্য প্রসঙ্গে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনগুলোতে স্পষ্ট প্রমাণও পাওয়া গেছে।
মুখপাত্রের বক্তব্যে আরও উঠে আসে, একটি রাজনৈতিক দলের কিছু সদস্য পুরোনো ও মিথ্যা বক্তব্য পুনরায় ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, একই ধরনের ভাষা ও স্লোগান ব্যবহার করে ব্যক্তিগত এবং অশালীন আক্রমণে লিপ্ত হচ্ছে। তিনি বলেন, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে প্রতিপক্ষ জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ভুলে অপতথ্য ও ব্যক্তিগত আক্রমণের কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যান।
আজকালের খবর/ এমকে




