ঢাকা | বুধবার | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াত দেশকে আফগানিস্তানের মতো করতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানের মতো পিছিয়ে ফেলতে চায়। সোমবার (২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ‘‘ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনে এগোনোর পথ বাধাগ্রস্থ করতে চায়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই।’’

ফখরুল আরও অভিযোগ করেন, জামায়াতের আমির মহিলাদের বিষয়ে কটূক্তি করেছেন—যা সত্য হলে অত্যন্ত অন্যায়। তিনি বলেন, ‘‘আমি জানি না এটা সত্য নাকি মিথ্যা, তবে যদি উনি এমন কথা বলেই থাকেন, সেটা মহিলারা কখনও মেনে নেবে না।’’

মহাসচিব বলেন, ‘‘জামায়াতে ইসলামী নারী-পুরুষকে সমানভাবে কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে, বাইরে কাজ করবে না। গার্মেন্টসের অনেক মহিলাকে বলা হয়েছে দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজ করা যাবে না—তখন তারা কীবে খাবে? যদি আমাদের মেয়েরা স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে ভবিষ্যতে চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করে কাউকে তেমনভাবে খাওয়াবে না—এটা সম্পূর্ণ অযৌক্তিক।’’

তিনি মন্তব্য করেন যে বাংলাদেশে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। দেশের জনসংখ্যায় মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি; ইসলামে মহিলাদের প্রাপ্য অধিকার প্রদান করার বিষয়টি স্পষ্টভাবে বলা আছে।

এ সময় ঠাকুরগাঁওয়ে বিএনপি ও এর অঙ্গসংঠনের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সূত্র: আজকালের খবর/ এমকে

এ বিভাগের আরও খবর