ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (০৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। উপকূলবাসীর জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে নানা ধরনের অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জনমনে আস্থা সৃষ্টি করেছে।
নির্বাচন ও গণভোট—উভয় কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে মোতায়েন থাকা কোস্ট গার্ড আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী দায়িত্ব পালন করবে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিন এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
পশ্চিম জোনের অন্তর্গত খুলনা-১, খুলনা-৬ ও পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকায় কোস্ট গার্ড সদস্যরা ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল ও আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত থাকবে।
অন্তর্বর্তীকালীন সরকার একযোগে গণভোট আয়োজন করেছে যাতে একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যায়। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জীবন ও সম্পদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড পশ্চিম জোন সক্রিয়ভাবে কাজ করে যাবে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে, ইনশা আল্লাহ।
আজকালের খবর/ আর এম




