ঢাকা | শনিবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রায়পুরার চরাঞ্চলে যৌথ টহল — দেশীয় অস্ত্র ও ধারালো বস্তু উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও আধিপত্য বিস্তার ঠেকাতে প্রশাসন কঠোর রূপরেখা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাঁশগাড়ি ও শ্রীনগর ইউনিয়নের চর এলাকা জুড়ে যৌথ ডমিনেশন টহল পরিচালনা করা হয়।

বিজিবির রায়পুরা ক্যাম্প কমান্ডার মেজর শরিফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী (১২ ল্যান্সারস), বর্ডার গার্ড বাংলাদেশ (৬৩ বিজিবি) এবং রায়পুরা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশির সময় টেঁটা, ধারাল অস্ত্র, শটগানের দুটি খালি খোসা, একটি চেইন ও রড দিয়ে তৈরি চাবুক এবং দুইটি দেশীয় শটগান ব্যারেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রী চরাঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চরাঞ্চলসহ পুরো উপজেলায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অবৈধ অস্ত্র ব্যবহার রোধে এ ধরনের যৌথ টহল, তল্লাশি ও ডমিনেশন অপারেশন অব্যাহত রাখা হবে। বিশেষত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিপটে সাধারণ জনগণ নিরাপদ ও নির্ভয়ে ভোট দিতে পারে—তাই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

আজকালের খবর/ এমকে

এ বিভাগের আরও খবর