সারাদেশে দায়িত্ব পালন শেষে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার) –এর একজন অঙ্গীভূত সদস্য মোঃ আব্দুল জব্বার নিহত হয়েছেন।
ঘটনা ঘটেছে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টায়। ২৩ জন সদস্য বহনকারী ওই বাসটি কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং অতিক্রম করে উল্টে যায়। ঘটনাস্থলেই আব্দুল জব্বার মারা যান।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং আরও সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন। অন্যান্য আহত সদস্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মোঃ আবদুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া। তিনি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নির্বাচনী কাজে অংশগ্রহণ করেছিলেন।
ঘটনাটি বাহিনীতে গভীর শোকের ছায়া ফেলেছে। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল সারাদেশে নির্বাচনী দায়িত্বে আনসার ও ভিডিপির পক্ষে প্রায় ৫ লাখ ৭৬ হাজার সদস্য নিয়োজিত ছিলেন। সদস্যদের নিরাপদে ভোটকেন্দ্রে প্রেরণ এবং দায়িত্ব শেষে প্রত্যাবর্তন নিশ্চিত করা ছিল একটি বড় সমন্বয়মূলক কার্যক্রম। দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও চট্টগ্রামের এই ঘটনাটি বাহিনীর সবাইকে দুঃখিত করেছে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিবার নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি নিহত ও আহত সকলের প্রতি দ্রুত আরোগ্য ও সহমর্মিতা কামনা করা হচ্ছে।
আজকালের খবর/ এমকে




