ঢাকা | সোমবার | ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

শাপলা কলি জয় হলে সন্ত্রাস-মাদক-দুর্নীতি থাকবে না: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মঠবাড়িয়া: ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলি বিজয়ী হলে দেশে আর কোনো সন্ত্রাস, মাদক ও দুর্নীতি থাকবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলাধুলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। সজীব ভূঁইয়া বলেন, ‘‘দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করছে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক।’’

তিনি আরও বলেন, গত ১৭ বছরে একটি দল জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং বর্তমানে সেই দল মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। এসব আচরণের বিরুদ্ধে মানুষকে হুঁশিয়ারি জানিয়ে সজীব ভূঁইয়া বলেন, ‘‘বাংলার মানুষ তাদের কঠোরভাবে প্রত্যাহার করবে এবং প্রতিহত করবে।’’

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১২ দলীয় জোট প্রার্থী শামীম হামিদীর শাপলা কলি প্রতীক বিজয়ের লক্ষ্যে আয়োজিত নির্বাচনী জনসভায় মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল জলিল শরীফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী (জামায়াতে) আলহাজ্ব শামীম বিন সাঈদী ও মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।

জনশ্রুতিতে পরিপূর্ণ ঐ সভায় বক্তারা শাপলা কলি প্রতীককে পরিবর্তনের প্রতীক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ভোটারদের ঐক্যবদ্ধভাবে সামনে আসার আহ্বান করেন। তারা মনে করান যে সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণই দেশের মূল চাহিদা, এবং এগুলো ফিরিয়ে আনতেই গণভিত্তিক রাজনৈতিক পরিবর্তন জরুরি।

কাওছার/আজকালের খবর

এ বিভাগের আরও খবর